আচমকাই কয়েক ফুট রাস্তা বসে গেল কালীনগরে - The News Lion

আচমকাই কয়েক ফুট রাস্তা বসে গেল কালীনগরে


দি নিউজ লায়ন;   বুধবার দুপুরে আচমকাই কয়েক ফুট রাস্তা বসে গেল কালিনগর পশ্চিম বাজারে। স্থানীয় চাপার খালের পাশে এই রাস্তা বসে যাওয়ায় ফাটল দেখা দিয়েছে একাধিক দোকানে। ইতিমধ্যে আতঙ্কিত ব্যবসায়ীরা দোকান থেকে মাল পত্র সরিয়ে নিয়েছে। তাদের আশঙ্কা যেভাবে রাস্তা বসে যাচ্ছে তাতে রাতের মধ্যেই দোকানগুলি খালের জলে তলিয়ে যাবে।


স্থানীয় সূত্রে খবর মাসখানেক আগে কালিনগর পশ্চিম বাজারে চাপার খালের পাশে রাস্তার বেশ খানিকটা জায়গা জুড়ে ফাটল দেখা দেয়। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা ফাটল মেরামত করলেও বর্ষার শুরুতে এই ফাটল আবার বেড়ে যায়। এবং বুধবার সকাল থেকে সেই ফাটল ক্রমশ বাড়তে থাকে অবশেষে দুপুরে কয়েক ফুট রাস্তা নিচে বসে যায়। 


স্থানীয় বাসিন্দাদের বক্তব্য রাস্তায় বসে যাওয়ায় খালপাড়ে থাকা দুটো বেনে দোকান, একটি চপের দোকান, একটি মুড়ির দোকান, একটি মাংসের দোকান ও একটি ইমিটেশনের দোকানে ফাটল দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বক্তব্য দীর্ঘদিন খালপাড়ে ব্যবসা করলেও এই ধরনের বিপদ এই প্রথম। তাদের বক্তব্য করোনা সংক্রমণে ব্যবসা একপ্রকার লাটে উঠেছে তার উপর দোকানে ফাটল দেখা দেওয়ায় কিভাবে সংসার চালাবো সেই চিন্তায় রাতের ঘুম উড়েছে। তাদের বক্তব্য এখন জোয়ারের জল থাকায় দোকান গুলো অক্ষত আছে কিন্তু ভাটা পড়লে সব দোকান ভেঙে পড়বে।


রাস্তা বসে যাওয়া সম্পর্কে রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী তথা উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায় জানান ইতিমধ্যে সেচ দপ্তরের আধিকারিকদের ঘটনাস্থলে যাওয়ার পাশাপাশি ভাঙ্গনরোধে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.